হামের টিকাদান কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত: ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিটহামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক্ষাপটে দীর্ঘদিনের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ মোট ২৪ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।রিটে বলা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন। এ বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।এ ছাড়া রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে।এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিতে বলা হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় পরবর্তীতে তিনি রিট আবেদন করেন বলে জানান।রিটকারীর বক্তব্য অনুযায়ী, দেশে পুনরায় হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি অনেকেই আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।