সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে অ্যাপেনডিক্স অপারেশনের পর গৃহবধূ সাবিনা খাতুনের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেছে প্রশাসন। এঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলছে। বুধবার (২০ মে) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জনের নির্দেশনায় পরিচালিত অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ হাসপাতালটি সিলগালা করেন। এসময় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। তদন্ত কমিটির প্রধান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন খন্দকার জানান, রোগীর মৃত্যুর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকবে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. রিয়াজুল ইসলাম এবং বাগবাটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহাদত হোসেন। উল্লেখ্য,গত১৩মে অ্যাপেনডিক্স জনিত সমস্যায় সাবিনা খাতুন নামের এক গৃহবধূকে শহরের মুজিব সড়কে পুরাতন কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বগুড়া এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। এঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালটিতে হামলা ও ভাঙচুর চালায়। রোগীর পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার কারণেই গৃহবধূ সাবিনা খাতুনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, অপারেশনের পর রোগী স্ট্রোকে আক্রান্ত হন। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।