জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে তথ্যমন্ত্রী: ‘জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি সুশাসনই সরকারের লক্ষ্য’ঢাকা, ১ জুন : ডিজেলের দাম অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনতুষ্টিমূলক সিদ্ধান্ত গ্রহণ করাই সরকারের একমাত্র দায়িত্ব নয়; বরং দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।ঈদের পরপরই জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনমনে অস্বস্তি তৈরি করবে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই আমদানিনির্ভর দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে জ্বালানির মূল্য সমন্বয় করেছে। তবে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে পুরোনো মূল্য কাঠামো বহাল রেখেছিল।তিনি বলেন, “আমরা একটি আমদানিনির্ভর দেশ। জ্বালানি আমদানি করেই চাহিদা পূরণ করতে হয়। তাই আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হয়।”মন্ত্রী জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি পরামর্শক কমিটি কাজ করছে। সরকারের বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্ত ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, “ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ। তাঁর পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। কিন্তু বৈশ্বিক সংকট এখনো পুরোপুরি কাটেনি। আমদানি ব্যয় ও সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়।”তথ্যমন্ত্রী বলেন, জনপ্রিয়তার চেয়ে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করাই সরকারের নীতিগত অগ্রাধিকার।