পাকিস্তানকে রুখে দিল শ্রাবণ, উদ্বোধনী ম্যাচে মূল্যবান এক পয়েন্ট বাংলাদেশের
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১ জুন ২০২৬, দুপুর ৩:৪১ সময়
পাকিস্তানকে রুখে দিল শ্রাবণ, উদ্বোধনী ম্যাচে মূল্যবান এক পয়েন্ট বাংলাদেশেরমালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ লড়াই করে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।সোমবার মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের তরুণ দল। যদিও টুর্নামেন্টে মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান তাদের জাতীয় দল নিয়ে অংশ নিলেও বাংলাদেশের হয়ে খেলছে অলিম্পিক দল।ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের গোলরক্ষক দুর্দান্ত সেভ করে গোলের সম্ভাবনা নষ্ট করে দেন। অন্যদিকে ম্যাচজুড়ে একাধিক আক্রমণ শানিয়েও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায় গোলের দেখা পায়নি পাকিস্তান।বিশেষ করে শ্রাবণের অসাধারণ নৈপুণ্য ম্যাচের অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে। কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে তিনি পাকিস্তানকে হতাশ করেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই গোলরক্ষক।ম্যাচ শেষে শ্রাবণ বলেন, পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তিনি জানান, এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচগুলোতে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে দল।বাংলাদেশের হয়ে রাব্বি হোসেন রাহুল ও নাজমুল হুদাও নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাদের আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল ভবিষ্যতের জন্য আশার বার্তা দিয়েছে।টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে। একই দিনে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে পাকিস্তান। আর প্রথম পর্বের শেষ ম্যাচে ৭ জুন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।গোলশূন্য ড্র হলেও পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের তরুণদের লড়াকু পারফরম্যান্স টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি করেছে।