দাবি না মানলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১ জুন ২০২৬, দুপুর ৪:৫৭ সময়
দাবি না মানলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদেরএমপিওভুক্তি ও বেতন ছাড়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির ১২তম দিনে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না এলে বুধবার (৩ জুন) বেলা ১১টার পর জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয়ের উদ্দেশে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা।সোমবার রাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত এবং এমপিও আবেদন শেষে ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক ১০ আগস্ট ২০২৫ তারিখে শূন্য পদে চূড়ান্ত অনুমোদন পাওয়া শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জানুয়ারি থেকে বেতন ছাড়ের দাবিও তুলে ধরা হয়েছে।এর আগে গত ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় ওই কর্মসূচির সূচনা হয়।সোমবার আন্দোলনের ১২তম দিনেও জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুলসংখ্যক শিক্ষককে অবস্থান করতে দেখা যায়।শিক্ষক নেতারা জানান, এর আগে গত ২৮ মে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে বিজয় সরণি এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। পরে সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় গেলে গুলশান থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। কয়েক ঘণ্টা পর বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন তারা।