ইনজুরি টাইমে সাগরিকার জাদু, নেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৩ জুন ২০২৬, দুপুর ১:৪৯ সময়
ইনজুরি টাইমের নাটকীয় গোলে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শেষ মুহূর্তের রোমাঞ্চে জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ। নির্ধারিত সময়ের শেষ দিকে ঋতুপর্ণা চাকমার অসাধারণ কর্নার থেকে সমতায় ফেরার পর ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় মোসাম্মাৎ সাগরিকার গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ২৩ মিনিটে এগিয়ে যায় নেপাল। দিপা শাহীর কর্নার থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে গীতা রানা বল জালে পাঠালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও কাঙ্ক্ষিত গোল আসছিল না। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন ঋতুপর্ণা চাকমা। তার নেওয়া কর্নার কিক নেপালের গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ালে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়াতে একাধিক পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনকে মাঠে নামিয়ে আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেন তিনি। ম্যাচের শেষ দিকে আনিকার পরিবর্তে নামানো হয় মোসাম্মাৎ সাগরিকাকে।কোচের সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে শামসুন্নাহার জুনিয়র নিখুঁতভাবে বল বাড়ান গোলমুখে। সেখানে সুযোগ কাজে লাগিয়ে সাগরিকা ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। তার এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।শেষ কয়েক মিনিটে নেপালের চাপ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এর ফলে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ।উল্লেখ্য, আগের দুটি আসরেও নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও নেপালকে বিদায় করে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন জিইয়ে রাখলো ঋতুপর্ণা-সাগরিকারা।