বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য শেষ মুহূর্তে নতুন বিধিনিষেধ জারি করেছে ফিফা। হালনাগাদ নির্দেশনা অনুযায়ী, কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। তবে দর্শকরা স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে পারবেন।বুধবার (৩ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এর আগে মে মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের পানির বোতল সঙ্গে আনতে পারবেন। কিন্তু সম্প্রতি সেই নীতিমালায় পরিবর্তন এনে এ ধরনের বোতল বহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।ফিফার হালনাগাদ নির্দেশিকায় বলা হয়েছে, নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল প্রবেশের অনুমতি দেওয়া হবে না।সংস্থাটির ভাষ্য, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে টুর্নামেন্টের সব ভেন্যুতেই একই নীতি কার্যকর করা হচ্ছে।ফিফা আরও জানিয়েছে, দর্শকদের স্বস্তির জন্য স্টেডিয়াম প্রাঙ্গণে কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, শীতলীকরণ ফ্যান, বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা এবং কুলিং টেন্ট রাখা হবে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি এমন দামে বিক্রি করা হবে, যা ওই ভেন্যুগুলোতে অনুষ্ঠিত অন্যান্য বড় ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে। তবে টুর্নামেন্ট চলাকালে তীব্র গরম ও তাপপ্রবাহে দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তার মধ্যেই ফিফার এ সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।