চোটে শেষ বিশ্বকাপ স্বপ্ন, বদলি হিসেবে দলে এদারসন
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৮ জুন ২০২৬, সকাল ৬:২৯ সময়
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ওয়েসলি।রোববার এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটের কারণে বিশ্বকাপে আর অংশ নিতে পারবেন না এই ডিফেন্ডার। ম্যাচ-পরবর্তী এমআরআই পরীক্ষায় তার বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়ে।ওয়েসলির পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডিফেন্ডার এদারসনকে। সিবিএফ জানিয়েছে, তিনি সোমবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্রাজিল দলের সঙ্গে যোগ দেবেন।যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফার্স্টএনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় ব্রাজিল। তবে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েসলি। এরপরই তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।গত মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়ার পর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের আস্থাভাজন হয়ে উঠেছিলেন ওয়েসলি। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের রক্ষণভাগে তিনি ছিলেন কোচের প্রথম পছন্দের খেলোয়াড়দের একজন।চোট পাওয়ার পর মাঠেই ভেঙে পড়তে দেখা যায় তাকে। বদলি হয়ে বেরিয়ে যাওয়ার সময় আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এই ডিফেন্ডার। ডাগআউটেও তাকে হতাশ অবস্থায় বসে থাকতে দেখা যায়। ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগের সময়ও তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না।ব্রাজিল কোচ ওয়েসলির অনুপস্থিতিকে দলের জন্য বড় ক্ষতি উল্লেখ করে বলেন, ‘সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। প্রতিটি ম্যাচে নিজের শতভাগ উজাড় করে দেয়। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স ও উন্নতি আমাদের জন্য খুবই ইতিবাচক ছিল।’বিশ্বকাপের ঠিক আগে ওয়েসলির ছিটকে যাওয়া ব্রাজিলের রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন তার বিকল্পরা কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেদিকেই নজর থাকবে সমর্থকদের।