এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর মহাসচিব ওহ সং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে আইসিএপিপি মহাসচিবের আলোচনা হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বৈঠকে আইসিএপিপির মহাসচিব বিএনপিকে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি আগামী জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রতিনিধিদলকে অংশগ্রহণের আহ্বান জানান।বিএনপি নেতৃবৃন্দ এই আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, আইসিএপিপির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ অঞ্চলে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।