২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৯ জুন ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এটি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয় এবং ২০০৫ সালের পর প্রথম।টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। চার বছর পর দলে ফিরে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখান মোসাদ্দেক হোসেন। তিনি অপরাজিত ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেন এবং পরে বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৫৪ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন।২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। এ সময় বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিনের আক্ষেপও ঘুচল টাইগারদের। মিরপুরে পাওয়া এই জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হবে।