দীর্ঘ এক যুগ পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে দেখা যেতে পারে পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পুনর্নির্বাচনের পর রিয়াল মাদ্রিদে ‘দ্য স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তনের গুঞ্জন জোরালো হয়েছে। স্প্যানিশ জায়ান্টদের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন তিনি।ক্লাবসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মরিনহোকে দলে ফেরাতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তাকে ছাড়িয়ে আনতে উল্লেখযোগ্য অঙ্কের রিলিজ ক্লজ পরিশোধ করতে হয়েছে বলে জানা গেছে।প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে মরিনহোকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম দুই বছর নিশ্চিত, আর তৃতীয় বছরটি নির্ভর করবে দলের পারফরম্যান্সের ওপর।নতুন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে দল পুনর্গঠনের কাজও শুরু করেছে রিয়াল। রক্ষণভাগ শক্তিশালী করতে কয়েকজন শীর্ষ তারকাকে দলে ভেড়ানোর বিষয়ে আলোচনা চলছে। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, মরিনহোর অভিজ্ঞতা ও নেতৃত্ব দলকে নতুন করে সাফল্যের পথে ফিরিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পুনর্নির্বাচিত সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মরিনহোর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, রিয়ালের সাফল্যের ইতিহাসে অবদান রাখা একজন অভিজ্ঞ কোচকে আবারও ক্লাবে স্বাগত জানাতে তারা প্রস্তুত।এদিকে দলবদলবিষয়ক সাংবাদিকদের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক চুক্তি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে মরিনহো ইতোমধ্যে মাদ্রিদে পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তাকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে।উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন হোসে মরিনহো। তার অধীনেই ক্লাবটি রেকর্ড ১০০ পয়েন্ট অর্জন করে লা লিগা শিরোপা জিতেছিল। পাশাপাশি কোপা দেল রেও জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। দ্বিতীয় মেয়াদে তিনি রিয়ালকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।