যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া এখনো অনুমোদন করেনি ইরান। দেশটির ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, খসড়ার ১৪টি অনুচ্ছেদে পরিবর্তন আনার জন্য ওয়াশিংটন চাপ সৃষ্টি করলেও তেহরান তাতে সম্মতি দেয়নি।প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে জানায় যে, ওয়াশিংটনের প্রস্তাবিত সাম্প্রতিক সংশোধনীগুলো গ্রহণ করা প্রয়োজন। তবে সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের পরও ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ, চাপ, হুমকি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানকে নতুন শর্ত মেনে নিতে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ইরান সংশোধিত প্রস্তাব গ্রহণ করেনি।তবে সমঝোতা স্মারকের খসড়াটি বর্তমানে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে। এর আগে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আলোচনার চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে। তবে ইরান সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য এখনো দূর হয়নি। ফলে সমঝোতা স্মারক চূড়ান্ত হতে আরও সময় লাগতে পারে।সূত্র : তাসনিম নিউজ এজেন্সি।