বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ইসলামপন্থিদের রাজনৈতিক সফলতা ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় শক্তিশালী গণমাধ্যম কাঠামো গড়ে তোলা সময়ের দাবি। জনমত গঠন, চিন্তা নির্মাণ এবং রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।শনিবার রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সময়ে আদর্শিক সংগ্রামের অন্যতম প্রধান ক্ষেত্র হলো গণমাধ্যম। যে শক্তি মিডিয়াকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে, তারাই নিজেদের চিন্তা, আদর্শ ও কর্মসূচি মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম হবে। এ জন্য তিনি তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল মিডিয়া কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ ও জনসম্পৃক্ত কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরতে দক্ষ, সৃজনশীল এবং দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা অপরিহার্য।কর্মশালায় গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা, সংবাদ উপস্থাপন, ছবি ও ভিডিও কনটেন্ট নির্মাণ এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া হেড সাইদ রহমানসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা।বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।দিনব্যাপী কর্মশালায় সংবাদ সংগ্রহ ও রচনা, ছবি ও ভিডিও প্রোডাকশন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, তথ্য যাচাই এবং সাংগঠনিক যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়।