বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরোনোর ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড। বৃহস্পতিবার ভোরে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। ম্যাথিউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে সহজ জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে সেলেসাওরা।হাইতির বিপক্ষে জয়টি ব্রাজিলের জন্য আরেকটি রেকর্ডও বয়ে আনে। বিশ্বকাপ ইতিহাসে ৪১তমবারের মতো কোনো ম্যাচে তিন বা তার বেশি গোল করেছে তারা, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।ফিফা র্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল কাগজে-কলমে এগিয়ে থাকলেও সতর্ক থাকতে চাইছে। কারণ বিশ্বকাপে তাদের সর্বশেষ কয়েকটি গ্রুপ পর্বের পরাজয় এসেছে শেষ ম্যাচে। ফলে স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না আনচেলত্তি।অন্যদিকে, হাইতিকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা স্কটল্যান্ড দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে চাপে পড়ে। তবে কোচ স্টিভ ক্লার্ক মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তার দল লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে।এ পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিলেও কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি স্কটল্যান্ড। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে তাদের সামনে। ব্রাজিলকে হারাতে পারলে সরাসরি নকআউট নিশ্চিত হবে। ড্র করলেও পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।দলগত অবস্থার দিক থেকে কিছুটা চাপে রয়েছে ব্রাজিল। হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না উইঙ্গার রাফিনহা। তার পরিবর্তে তরুণ রায়ান সুযোগ পেতে পারেন। ইনজুরি কাটিয়ে নেইমার জুনিয়র দলে ফিরলেও তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার সঙ্গে লুকাস পাকেতার ওপর ভরসা রাখছেন আনচেলত্তি।স্কটল্যান্ড শিবিরে অবশ্য স্বস্তির খবর রয়েছে। চোট কাটিয়ে স্কট ম্যাককেনা, অ্যারন হিকি ও লুইস ফার্গুসন দলে ফিরতে পারেন। মাঝমাঠে জন ম্যাকগিন ও স্কট ম্যাকটমিনায়ের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের ১০টি আন্তর্জাতিক সাক্ষাতে ব্রাজিল জিতেছে ৮টিতে, বাকি দুটি ড্র। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে তিনবার জয় পেয়েছে ব্রাজিল, একটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো ব্রাজিলের বিপক্ষে কোনো জয় পায়নি।তাই মিয়ামির এই লড়াইয়ে একদিকে যেমন গ্রুপসেরা হওয়ার লক্ষ্য ব্রাজিলের, অন্যদিকে তেমনি ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার স্বপ্ন স্কটল্যান্ডের। ফলাফল যাই হোক, ম্যাচটি যে গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ হতে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।