জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর ও প্রাণবন্ত সংসদ পেয়েছে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বর্তমান সংসদ গণতান্ত্রিক চর্চাকে নতুন মাত্রা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্পিকার বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি কার্যকর সংসদের অপেক্ষায় ছিল। গত ১৭ বছরে আমরা সে ধরনের সংসদ দেখিনি। এবার জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হয়েছে।”অতীতের সংসদগুলোর সমালোচনা করে তিনি বলেন, “আমি নিজেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এমন সংসদও দেখেছি, যেখানে নির্বাচনের পর সদস্যদের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই অভিজ্ঞতা স্মরণ করতে আজও অস্বস্তি লাগে।”তিনি আরও বলেন, “১৯৯১ সালের সংসদের পর এবারই আবার একটি কার্যকর সংসদ দেখতে পাচ্ছি। ভোটের ধরণ বিশ্লেষণ করলে বোঝা যায়, দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। তারা এমন সংসদ চেয়েছে, যেখানে জনগণের কথা বলা হবে এবং তাদের স্বার্থ রক্ষা করা হবে।”জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা তুলে ধরে স্পিকার বলেন, “বর্তমান সংসদের সদস্যদের দায়িত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। জনগণের আস্থা ধরে রাখতে তাদের কল্যাণে কাজ করতে হবে এবং সংসদকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।”গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি। বলেন, “সংসদীয় কার্যক্রম যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম সংসদের মর্যাদা ও জনগণের আস্থা আরও বৃদ্ধি করতে পারে।”অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের আয়োজন সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে। একই সঙ্গে সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সকল ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপিজেএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।