দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চাপও গ্রহণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি স্পষ্টভাবে বলেছেন, নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলে ইসরাইলি বাহিনীর অবস্থান অব্যাহত থাকবে।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’-কে দেওয়া এক বক্তব্যে কাটজ বলেন, “যুক্তরাষ্ট্র এ বিষয়ে অনুরোধ বা দাবি জানালেও দক্ষিণ লেবানন থেকে সেনা সরানো হবে না।”তিনি দাবি করেন, অতীতে সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলে বেসামরিক লোকজনের বসবাসের সুযোগ দেওয়া হলে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সড়কের পাশে বোমা পেতে হামলা এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে কাটজ বলেন, “আমরা আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেব না। তাই সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না।”প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ওই এলাকায় ব্যাপক হারে জনবসতি ফিরে আসার সুযোগ নেই। তবে এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এ ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক মতপার্থক্যও স্পষ্ট হয়ে উঠছে।