বিশ্বকাপের প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে জোড়া গোল করে দলকে ৫-০ ব্যবধানে বড় জয় এনে দেন তিনি। তবে ম্যাচের পর তার একটি মন্তব্যকে ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।ম্যাচ শেষে ক্যামেরার সামনে রোনালদো বলেন, “আই অ্যাম ব্যাক” (আমি ফিরে এসেছি)। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এই বার্তার উদ্দেশ্য ছিল মানুষকে মনে করিয়ে দেওয়া যে তিনি এখনো ফুরিয়ে যাননি।তবে রোনালদোর এই মন্তব্যকে ভিন্নভাবে দেখছেন সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসের এক আলোচনায় তিনি বলেন, “আমার তো মনে হয় না রোনালদো কোথাও হারিয়ে গিয়েছিল। তাই ‘আই অ্যাম ব্যাক’ বলার প্রয়োজন ছিল না। এটি এমন একটি ম্যাচ ছিল, যেখানে পর্তুগালের অনেক গোল করারই কথা।”ইব্রাহিমোভিচের মতে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তান শক্তির বিচারে পর্তুগালের তুলনায় অনেক পিছিয়ে। ফলে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দেওয়া পর্তুগালের জন্য অস্বাভাবিক কিছু নয়।সমালোচনা থাকলেও মাঠের পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন। রোনালদো এখন প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তির মালিক। পাশাপাশি তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন।ফলে ইব্রাহিমোভিচের খোঁচা কিংবা সমালোচকদের প্রশ্নের জবাব রোনালদো দিয়েছেন নিজের সবচেয়ে পরিচিত ভাষায়—গোলের মাধ্যমে। আর তার বার্তাও স্পষ্ট, বয়স বাড়লেও বিশ্বমঞ্চে তিনি এখনো অন্যতম বড় তারকা।