বাংলা লোকসংগীতকে আধুনিক আবহে নতুনভাবে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরতে বৃহৎ উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ‘এটিএন ফোক স্টুডিও’ শিরোনামের বিশেষ এই আয়োজনের মাধ্যমে দেশের ১০০ জন শিল্পীর কণ্ঠে ৪০০টি গান পরিবেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে এর শুটিং সম্পন্ন হয়েছে।আয়োজনটির অন্যতম বৈশিষ্ট্য হলো, অধিকাংশ গানের কথা ও সুর করেছেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মান্নান মোহাম্মদ। সংগীত পরিচালনায় তার সঙ্গে রয়েছেন পুত্র সানি মোহাম্মদ, যিনি লন্ডন থেকে সংগীত বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে সংগীতাঙ্গনে কাজ শুরু করেছেন।এ প্রকল্পে দুটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ। এর মধ্যে একটি হলো মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’। অন্যটি কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’, যা নতুন ফিউশন আঙ্গিকে পুনরায় উপস্থাপন করা হয়েছে। গত ২৩ জুন এফডিসিতে গান দুটির ভিডিওচিত্র ধারণ সম্পন্ন হয়।কাজল আরিফ বলেন, “এটিএন ফোক স্টুডিওতে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের সংগীতাঙ্গনের অন্যতম গুণী ব্যক্তিত্ব মান্নান মোহাম্মদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। লোকগানকে নতুন আঙ্গিকে উপস্থাপনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”মান্নান মোহাম্মদ জানান, দেশের সুস্থ সংস্কৃতি বিকাশে এটিএন বাংলা বরাবরই কাজ করে আসছে। চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উৎসাহে দেশের শিকড়নির্ভর গানগুলোকে ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আধুনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, “লোকগানের মৌলিক স্বাদ বজায় রেখেই দেশীয় ও পশ্চিমা বাদ্যযন্ত্রের সমন্বয়ে নতুন উপস্থাপনা তৈরি করা হচ্ছে। এখানে প্রকৃত শিল্পীদেরই প্রাধান্য দেওয়া হবে। সংগীতের মান ও ঐতিহ্য রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”উল্লেখ্য, কাজল আরিফ দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন। ২০১৩ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ ব্যাপক সাড়া ফেলে। এরপর নিয়মিত মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে তিনি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাসো’ এবং ন্যান্সির সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘বর্ষাবরণ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।