কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা-ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি।বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্দেশনায় এবং মাধবপুর উপজেলার ১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে প্রাইম ব্যাংক পিএলসি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী।বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে প্রান্তিক কৃষকদের সহজ শর্তে কৃষিঋণের আওতায় আনা জরুরি। কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ। এ সময় উপজেলার ৫০ জন প্রকৃত ও প্রান্তিক কৃষকের হাতে কৃষিঋণের চেক তুলে দেওয়া হয়। অতিথিরা বলেন, উন্মুক্তভাবে ঋণ বিতরণের ফলে ঋণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং কৃষকদের মধ্যে ব্যাংকিং সেবার প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।এ উপলক্ষে কৃষক ও স্থানীয় জনগণের জন্য কৃষিঋণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী ব্যাংকগুলোর কৃষিঋণ সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং সরকারি প্রণোদনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবির, হেড অব এগ্রো বিজনেস শাহানা পারভীন এবং উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা।বক্তারা কৃষকদের প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ বিতরণের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, সরকার, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সমন্বিত উদ্যোগ দেশের টেকসই কৃষি উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।