জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একসময় জাতীয় বাজেটের বড় অংশ গোপালগঞ্জকেন্দ্রিক ছিল, আর এখন সেই বরাদ্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জ। তার দাবি, প্রকৃত উন্নয়নবঞ্চিত অঞ্চলগুলো এখনও প্রয়োজনীয় বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে।শনিবার (১১ জুলাই) রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, সীমান্তে পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।নাহিদ ইসলাম বলেন, সরকার তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার অভিযোগ, রংপুর বিভাগের অধিকাংশ সংসদীয় আসন বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের উন্নয়ন বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, রংপুরে উল্লেখযোগ্য কোনো বড় উন্নয়ন প্রকল্প রাখা হয়নি; বরং অধিকাংশ বরাদ্দ বগুড়ার শিবগঞ্জে চলে যাচ্ছে।তিনি আরও বলেন, সরকারি দলের সংসদ সদস্যরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পান, বিরোধী দলের সংসদ সদস্যরা তার এক-তৃতীয়াংশও পান না। সংসদে এ বিষয়ে কথা বলা হলেও বৈষম্য দূর করার উদ্যোগ দেখা যায়নি বলে দাবি করেন তিনি। জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ওই সফর থেকে তিস্তা মহাপরিকল্পনা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি বা প্রতিশ্রুতি পাওয়া যায়নি।তিনি আরও বলেন, দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া কঠিন হবে। গণঅভ্যুত্থান ও সংস্কারের চেতনার সঙ্গে প্রতারণা করা হলে বিদেশি সহায়তা ও ঋণপ্রাপ্তিও বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।