পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দালালি, নামজারি ও অনলাইন আবেদন করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. বাবলু হাসান (২৮)। তিনি উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, বাবলু হাসান দীর্ঘদিন ধরে ভূমি অফিসে সক্রিয় দালাল হিসেবে কাজ করতেন। নামজারি ও অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবার নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রোববার অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী বলেন, "ভূমি অফিসে দালালদের কোনো স্থান নেই। জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"স্থানীয়দের দাবি, ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ সেবাগ্রহীতারা আরও স্বস্তি পাবেন।উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত হওয়ায় স্থানীয়ভাবে বাবলু হাসানকে "আর্জেন্টিনার সমর্থক দালাল" হিসেবে অনেকে চিনতেন।