মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চতুর্থবারের মতো বাবা হয়েছেন। স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের বেথেসদায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার ও স্ত্রী উষা ভ্যান্সের ঘরে এক পুত্রসন্তানের জন্ম হয়েছে।আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নবজাতকের নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স।এক যৌথ বিবৃতিতে জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স বলেন, “আজ সকালে আমাদের ছেলে অ্যালেক নীল ভ্যান্সের জন্ম হয়েছে—এ খবর আনন্দের সঙ্গে জানাচ্ছি।” তারা জানান, মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। পরিবারের অন্য তিন সন্তানও নতুন সদস্যকে পেয়ে দারুণ আনন্দিত।হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে প্রায় দেড় শতাব্দীর মধ্যে এই প্রথম সন্তানের জন্ম হলো। এর আগে ১৮৭০ সালে দায়িত্ব পালনকালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স ও তার স্ত্রী এলেন ওয়েডের ঘরে সন্তানের জন্ম হয়েছিল।ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ও সাবেক মার্কিন মেরিন সেনা জেডি ভ্যান্স এবং ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষা ভ্যান্স ইয়েল ল স্কুলে পড়াশোনার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।এর আগে এই দম্পতির ঘরে ২০১৭ সালে প্রথম ছেলে ইওয়ান, ২০২০ সালে দ্বিতীয় ছেলে বিবেক এবং ২০২১ সালে মেয়ে মিরাবেলের জন্ম হয়।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়া নিয়ে জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন। ২০২১ সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে অংশ নেওয়ার সময় তিনি বেশি সন্তান নেওয়ার পক্ষে অবস্থান নেন। এছাড়া ২০২৫ সালের ‘মার্চ ফর লাইফ’ সমাবেশে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বলেছিলেন, “আমি চাই যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশু জন্ম নিক।”