ফুটবল খেলার বিরোধে রায়গঞ্জে ছুরিকাঘাত, যুবক নিহত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি||
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৪৪ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সাত্তার খানের ছেলে।রোববার (১৯ জুলাই ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে সিয়াম আহমেদের বাবা রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তাঁর কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হন ইলিয়াস।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ইলিয়াস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।”রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”এদিকে অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও ঘটনার পর তারা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।