ইরানে অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি, যুক্তরাষ্ট্রকে সবুজ সংকেত লন্ডনের
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, সকাল ৬:২২ সময়
ইরানে সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের এ সিদ্ধান্তে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুসৃত নীতিই বহাল থাকল।ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এসব অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই পরিচালিত হবে।প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর ব্রিটেনের অবস্থান পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বার্নহাম। বৈঠকেই ঘাঁটি ব্যবহারের অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়ায় দেশটির বামপন্থি দলগুলো এবং বিরোধী রাজনৈতিক মহল সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এ পদক্ষেপের ফলে যুক্তরাজ্য সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী বার্নহাম হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখার বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন। ট্রাম্পও দুই নেতার আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।