জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণি, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।আয়োজকরা জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।কর্মসূচির একপর্যায়ে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। যাতায়াতের পথে সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কর্মসূচি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি নিজেও বৃক্ষরোপণে অংশ নেন।এ সময় প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।