২০২৬ সালের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (কাসা/CASA) ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যাংকটির মতে, এই অর্জন গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা, শক্তিশালী শাখা নেটওয়ার্ক এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।সাম্প্রতিক বছরগুলোতে আমানত সংগ্রহে ধারাবাহিকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ২০২৬ সালের প্রথমার্ধে কাসা ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার এই মাইলফলক অর্জিত হয়েছে। রিলেশনশিপ-বেসড ব্যাংকিং এবং গ্রাহকদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে টেকসই প্রবৃদ্ধি বজায় রেখেছে ব্যাংকটি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।এই সাফল্য উদ্যাপন উপলক্ষে ব্র্যাক ব্যাংক এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং বিভিন্ন অঞ্চলের রিজিওনাল হেড, ব্রাঞ্চ ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা।”তিনি আরও বলেন, “বছরের পর বছর ধরে গ্রাহকদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের যে আস্থার সম্পর্ক গড়ে উঠেছে, এই সাফল্য তারই প্রতিফলন। উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”