হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, দুপুর ২:৪২ সময়
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। একই সঙ্গে দলটির অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা শহরের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।এনসিপির অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের পদযাত্রা ও গাড়িবহরে অতর্কিত হামলা চালান। এ সময় সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হন।তিনি আরও দাবি করেন, হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এছাড়া, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে দলটি।তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।