নিজস্ব সৃজনশীলতায় মানুষের ভূমিকা নিশ্চিত করতে নতুন নীতি এআরআইএরঅস্ট্রেলিয়ার অফিসিয়াল মিউজিক চার্টে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সংগীতশিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এআরআইএ) জানিয়েছে, চার্টে স্থান পেতে হলে একটি গানকে অবশ্যই ‘উল্লেখযোগ্যভাবে মানুষের তৈরি’ হতে হবে।সম্প্রতি অস্ট্রেলীয় ডিজে জশ ফাওয়াজের করা ম্যাডোনার জনপ্রিয় গান ‘লাইক এ প্রেয়ার’-এর একটি কভার নিয়ে বিতর্কের পর এ নীতিতে পরিবর্তন আনা হয়। গানটি এআরআইএর ড্যান্স সিঙ্গেলস চার্টের শীর্ষে ওঠার পাশাপাশি মূল চার্টে দ্বিতীয় স্থান অর্জন করে। স্পোটিফাইতে গানটির স্ট্রিম ৪৮ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে যায়। তবে ব্যাপক সমালোচনার মুখে পরে ডিজে ফাওয়াজ স্বীকার করেন, গানটি তৈরিতে জেনারেটিভ এআই ব্যবহার করা হয়েছিল।নতুন নীতিতে এআরআইএ জানিয়েছে, শিল্পীরা তাদের সংগীত তৈরিতে এআইভিত্তিক বিভিন্ন সরঞ্জামের সহায়তা নিতে পারবেন। তবে গানের মূল সৃজনশীল উপাদান মানুষের তৈরি হতে হবে।নীতিমালা অনুযায়ী, গানটির কথা মানুষের লেখা হতে হবে। পাশাপাশি মূল ভোকাল ও প্রধান বাদ্যযন্ত্রের পরিবেশনও মানুষের মাধ্যমে হতে হবে। তবে মাস্টারিং, ড্রাম মেশিন ও অটো-টিউনের মতো প্রচলিত সংগীত প্রক্রিয়ায় এআই প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখা যাবে। চার্টে কোনো গান জমা দেওয়ার সময় সেটি তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না, সে তথ্যও প্রকাশ করতে হবে।এআরআইএ আরও জানিয়েছে, কোনো গান চার্টে স্থান পাওয়ার পর সেটি মূলত এআই দিয়ে তৈরি বলে প্রমাণিত হলে চার্টের অবস্থান সংশোধন করা হবে। প্রয়োজনে ‘নাম্বার ওয়ান’ ট্রফি বা পুরস্কারও ফিরিয়ে নেওয়া হতে পারে। আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (আইএফপিআই)-এর নির্দেশনার আলোকে হালনাগাদ করা এই নীতিমালার আরেকটি লক্ষ্য হলো কৃত্রিমভাবে স্ট্রিম বাড়ানো ও চার্টে কারসাজি বন্ধ করা।এআরআইএর প্রধান নির্বাহী অ্যানাবেল হার্ড বলেন, শিল্পীদের সৃজনশীলতার মূল ভিত্তি সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলীয় ইলেকট্রনিক ব্যান্ড ‘পিকিং ডাক’-সহ দেশটির বেশ কয়েকজন সংগীতশিল্পী নতুন নীতিকে স্বাগত জানিয়েছেন।
এর আগে সুইডেনের মিউজিক চার্টেও একই ধরনের নীতির মাধ্যমে এআই দিয়ে তৈরি গান নিষিদ্ধ করা হয়। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শিল্পীদের অনুমতি ছাড়া তাদের সৃষ্টিকর্ম এআই প্রশিক্ষণে ব্যবহারের সুযোগ বন্ধ এবং শিল্পীদের মেধাস্বত্ব ও মালিকানা সুরক্ষায় কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।