মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।সাক্ষাৎকালে গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।আনসার সদস্যদের আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা জোরদারের কথাও বলেন রাষ্ট্রপতি।সৌজন্য সাক্ষাতে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বাহিনীর নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।এ সময় আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমে আনসার ও ভিডিপির অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি আগামী দিনে এসব ক্ষেত্রে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান।দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আনসার ও ভিডিপির মহাপরিচালককে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।