সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মূল অর্থ ফেরত পেতে আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। প্রথম দিনেই এসব আবেদনের বিপরীতে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ উত্তোলন করতে পারবেন। এ জন্য গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিতে হবে।গত সোমবার (৩১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সব শাখায় নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনা অনুযায়ী, শাখায় জমা পড়া আবেদনগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে।প্রাথমিকভাবে শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) তুলতে পারবেন। আমানতের বিপরীতে অর্জিত মুনাফার অর্থ পরবর্তী সময়ে পরিশোধ করা হবে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না।অর্থ উত্তোলনের আবেদনে গ্রাহকের হিসাবে মোট জমার পরিমাণ, কত টাকা উত্তোলন করতে চান এবং অর্থ উত্তোলনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।এর আগে ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরত দেওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাংকটির এক কর্মকর্তা জানিয়েছেন।আওয়ামী লীগ সরকারের আমলে গভীর সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক।