চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযান ও নিয়মিত মামলায় এসব গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩৪৮ জনের মধ্যে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯৪ জনকে। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, আটজন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী।এ ছাড়া নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১৩০ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় মোট ৩৩টি মাদক মামলা করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।