৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউন হল মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।এর আগে টাউন হল মাঠে গণমিছিল উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।বক্তারা বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চ দেশের জনগণের অধিকার ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। কর্মসূচি সফল করতে তারা সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।পরে বিকেল ৫টার দিকে টাউন হল মাঠ থেকে গণমিছিলটি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।গণমিছিলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।