প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেলেন
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
ঢাকা থেকে জয়পুরহাটে ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। তাদের গাড়ির সামনে ছিল পুলিশের প্রটেকশনের একটি গাড়ি। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে ডান পায়ে গুরুতর আঘাত পান।ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা তাদের উদ্ধার করেন। এরপর পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের লাশ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।