গফরগাঁওয়ে পুকুরে ডুবে ফুফাতো-মামাতো ভাই-বোনের মৃত্যু
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫১ সময়
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে ফুফাতো-মামাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর বয়সই তিন বছর। শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো—পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)। সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়।স্বজনরা দ্রুত দুই শিশুকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।