মিয়ানমারে পাচারের পথে ৫৯৫ বস্তা সিমেন্টসহ আটক ১২
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৩ সময়
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানাধীন মেঘনা নদীতে এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা। অভিযানে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা সিমেন্টগুলো জব্দ করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্টের পরিমাণ ৫৯৫ বস্তা, যার মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি। এসব সিমেন্টের আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দ করা সিমেন্ট, দুটি বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।