রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’-এ কাদম্বিনী ফারজানা চুমকি
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১ সময়
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জীবিত ও মৃত’। শাহরিয়ার হান্নানের নাট্যরূপে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন ইলন শফি। এতে কেন্দ্রীয় চরিত্র ‘কাদম্বিনী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি।সম্প্রতি নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে। চট্টগ্রাম বিটিভিতে নাটকটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ফারজানা চুমকি। দর্শকদের এই সাড়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বিটিভি চট্টগ্রাম কর্তৃপক্ষ ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।টেলিভিশনের পাশাপাশি একক ও মঞ্চনাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাভিশনে প্রচারের কথা রয়েছে।এদিকে ঢাকা থিয়েটারের হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করছেন ফারজানা চুমকি। ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ এবং শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকে অভিনয় করছেন তিনি।১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘জীবন যেখানে যেমন’ নাটকের মধ্য দিয়ে ফারজানা চুমকির মিডিয়ায় যাত্রা শুরু। পরের বছর ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় সেকেন্ড রানারআপ হওয়ার পর তিনি যুক্ত হন ঐতিহ্যবাহী নাট্যদল ঢাকা থিয়েটারে।ঢাকা থিয়েটারের হয়ে ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’ ও **‘যৈবতী কইন্যার মন’**সহ একাধিক প্রশংসিত মঞ্চনাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন ফারজানা চুমকি।