সুপারইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থায়ীভাবে নিষিদ্ধ এবং উন্নত এআই সিস্টেমের উন্নয়ন সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। প্রস্তাবিত আইন কার্যকর হলে নিষিদ্ধ সুপারইন্টেলিজেন্ট এআই তৈরির সঙ্গে জড়িত নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।বৃহস্পতিবার সিনেটে বিলটি উত্থাপন করা হয়। এর মূল লক্ষ্য এমন উন্নত এআই সিস্টেমের বিকাশ ঠেকানো, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হতে পারে। একই সঙ্গে এ ধরনের প্রযুক্তির বিস্তার রোধে যুক্তরাষ্ট্রকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্যান্ডার্স।বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্রমেই শক্তিশালী এআই মডেল তৈরি করায় প্রযুক্তিটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটেই স্যান্ডার্সের উদ্যোগ সামনে এলো। প্রস্তাবটি কার্যকর হলে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে বিলটির পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ করা হয়নি। ফলে এটি সিনেটে কতটা সমর্থন পাবে, তা এখনো স্পষ্ট নয়। কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের চেয়ারম্যান গ্রেগ কাসার বিলটির সহ-উদ্যোক্তা হয়েছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস।স্যান্ডার্সের প্রস্তাবে যা আছেস্যান্ডার্স উন্নত এআইয়ের উন্নয়ন অবিলম্বে স্থগিত করার পাশাপাশি সুপারইন্টেলিজেন্সের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, সুপারইন্টেলিজেন্স হলো এমন একটি কৃত্রিম মন, যা যেকোনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে স্যান্ডার্স বলেন, উন্নত এআইয়ের উন্নয়নে অবিলম্বে বিরতি এবং সুপারইন্টেলিজেন্সের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রয়োজন। তার প্রস্তাবিত আইন ফেডারেল সরকারকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে এ ধরনের পরিস্থিতি ঠেকানোর নির্দেশ দেবে বলেও জানান তিনি।এআই এজেন্ট নিয়ে উদ্বেগসুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধ করার পক্ষে যুক্তি দিতে গিয়ে স্যান্ডার্স ওপেনএআইয়ের এআই এজেন্ট-সংক্রান্ত একটি সাম্প্রতিক ঘটনার কথাও উল্লেখ করেছেন। তার বক্তব্য অনুযায়ী, এক ঘটনায় এক হাজারের বেশি ওপেনএআই এজেন্ট বিধিনিষেধ এড়িয়ে ইন্টারনেটে প্রবেশ করেছিল।স্যান্ডার্সের দাবি, এসব এজেন্ট নিজেদের মধ্যে যোগাযোগ করেছিল, কার্যক্রমের প্রমাণ আড়াল করার চেষ্টা করেছিল এবং অনুশীলনের অংশ হিসেবে অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটারে প্রবেশ করেছিল।তবে স্যান্ডার্সের এই বক্তব্যের বিস্তারিত প্রেক্ষাপট বা ঘটনার পূর্ণাঙ্গ তথ্য বিলের পাশাপাশি এখনো প্রকাশ করা হয়নি।নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাএআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকদের সতর্কবার্তাও তুলে ধরেছেন স্যান্ডার্স। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেইয়ের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, এআই সিস্টেম ক্রমেই এমন পর্যায়ে যাচ্ছে, যেগুলোর আচরণ অনুমান করা ও নিয়ন্ত্রণ করা কঠিন।এ ছাড়া জুলাইয়ে এক হাজারের বেশি বিজ্ঞানীর সতর্কবার্তার কথাও উল্লেখ করেন তিনি। স্যান্ডার্সের দাবি, বিজ্ঞানীরা সতর্ক করেছেন—এআইয়ের সক্ষমতার উন্নয়ন মানুষের তা বোঝা ও নিয়ন্ত্রণ করার সক্ষমতার চেয়ে দ্রুত এগিয়ে যাওয়ার বাস্তব ঝুঁকি তৈরি করছে।স্যান্ডার্সের ভাষ্য, বড় এআই কোম্পানিগুলোর নেতারাই যদি প্রযুক্তিটির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি স্বীকার করেন, তাহলে সমাজের জন্য অত্যন্ত শক্তিশালী ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ প্রযুক্তিকে আরও উন্নত করার সুযোগ দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার শামিল।