বর্ষীয়ান অভিনেত্রী ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনাটি প্রায় দুই যুগ আগের বলে জানিয়েছেন তিনি। বর্তমানে উত্তরায় নিজের ফ্ল্যাটে ভালো আছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সাক্ষাৎকারে দিলারা জামানের পুরোনো বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ওই সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে নির্মিত বাড়িটি ভাড়াটিয়া দখল করে নিয়েছিল। পরে তিনি ছোট একটি ভাড়া বাসায় থাকতেন বলেও জানান।বিষয়টি নিয়ে দিলারা জামান গণমাধ্যমকে জানান, প্রায় ২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে বাবার দেওয়া ছয় কাঠা জমি নিয়ে এ ঘটনা ঘটেছিল। জমির সব কাগজপত্র সঠিক থাকায় পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে তিনি জমিটি ফিরে পান।পরে সেই জমি বিক্রি করে ২০০৮ সালে রাজধানীর উত্তরা এলাকায় একটি ফ্ল্যাট কেনেন তিনি। এরপর থেকে সেখানেই বসবাস করছেন বলে জানান দিলারা জামান।তিনি বলেন, ‘আমার বাড়ি দখলের ঘটনাটি সত্য, কিন্তু তা প্রায় দুই যুগ আগের। ইন্টারভিউতে কথা প্রসঙ্গে বিষয়টি আসলেও সেখানে পুরো তথ্য স্পষ্টভাবে ওঠেনি।’শ্যামলীর ওই জমির বর্তমান অবস্থা জানিয়ে তিনি বলেন, সেখানে এখন দশতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন তৈরি হয়েছে। জায়গাটির পাশ দিয়ে গেলে পুরোনো স্মৃতি মনে পড়ে আবেগতাড়িত হন বলেও জানান তিনি।দিলারা জামান বলেন, জমিটি ফিরে পাওয়ার পর তা বিক্রি করে উত্তরায় ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন। ২০০৮ সাল থেকে নিজের ওই ফ্ল্যাটেই রয়েছেন তিনি।বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এখন আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই।’