সিরাজগঞ্জ আদালত থেকে লাফিয়ে পালানো আসামি গ্রেফতার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি||
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩২ সময়
সিরাজগঞ্জে আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে নিচে লাফিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী বাজার সংলগ্ন এলাকা থেকে জেলা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে তিন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান মোমিন। পরে হাজতখানার বারান্দার গ্রিলবিহীন একটি অংশ দিয়ে নিচে লাফিয়ে পালিয়ে যান তিনি।ঘটনার পর তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার ছাতিয়ানতলী বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।