আদমদীঘিতে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৬ সময়
বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকায় একটি ছাতিম গাছের ডাল থেকে এমডি বাঁধন (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাছের ডালে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।নিহত এমডি বাঁধন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার বাসিন্দা মাসুদ রানার ছেলে।স্থানীয় কয়েকজনের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নাও হতে পারে। তাদের সন্দেহ, বাঁধনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঞা জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষ হলে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।