জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত করার উদ্যোগ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৩৩ সময়
জাকাত ব্যবস্থাকে সমন্বিত করে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।রোববার জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরাসরি জাকাত ফান্ড বিভাগ কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালে এ-সংক্রান্ত জাকাত আইনও প্রণয়ন করা হয়েছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে জাকাত ব্যবস্থার উন্নয়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।অর্থমন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশন ও শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে জাকাত ব্যবস্থার উন্নয়নে কাজ করছে কমিটি। কমিটির সুপারিশের আলোকে জাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী জাকাত বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনতে আধুনিকীকরণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় জাকাত ফান্ডে জাকাত প্রদানের রশিদ আয়কর রিটার্নের সঙ্গে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু রয়েছে।