ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে সুরক্ষায় সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান।হাসান শিপলু বলেন, বৈঠকে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কারের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এসব সংগঠনের সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণকে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।বৈঠকে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রীর পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়টিও বৈঠকে উঠে আসে। আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতেই হাসপাতালে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মাঠে এর প্রতিফলন থাকা চাই।’বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।