আওয়ামী লীগের নেতারা দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে সেখানে বসে নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।রোববার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় আয়োজিত গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন। এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন।এস এম জিলানী বলেন, আওয়ামী লীগের নেতারা দেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই অর্থে বিদেশে বসে দেশের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। রাজনৈতিক শক্তি ও সাহস থাকলে তাদের দেশে এসে মাঠে নামার আহ্বান জানান তিনি।তিনি বলেন, টুঙ্গিপাড়ার মাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বড় ধরনের শোভাযাত্রার মাধ্যমে রাজনৈতিক শক্তির জানান দিয়েছেন। দেশ-বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা হুমকি-ধমকি দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।জাতীয়তাবাদী দলের ওপর কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তার রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।নিজের জন্মস্থান টুঙ্গিপাড়ার প্রসঙ্গ তুলে এস এম জিলানী বলেন, এই এলাকার মানুষকে নিয়ে রাজনীতি করতে হলে শালীনভাবে কথা বলতে হবে। তিনি দাবি করেন, গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় আসতে হয়েছে। তাই মধুমতি নদীর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এ সময় তিনি বলেন, বিএনপি দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।এর আগে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।