দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের দরপতন হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৪ পয়েন্টে নেমে গেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৯ দশমিক ৪৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।বাজারের এই পতনে ডিএসইর মোট বাজার মূলধন এক দিনে কমেছে ৬ হাজার ৭৮১ কোটি টাকা। একই সঙ্গে লেনদেনও কমে ৫৪৫ কোটি ২৭ লাখ টাকায় নেমে এসেছে।দিনের শুরুতে ডিএসইএক্স সূচক ঊর্ধ্বমুখী ছিল। লেনদেন শুরুর প্রথম তিন মিনিটে সূচকটি পাঁচ পয়েন্ট বাড়লেও পরে শেয়ার বিক্রির চাপে পতনে যায়। প্রথম ১৬ মিনিটে সূচক কমে ২৫ পয়েন্ট। ৩০ মিনিটের মাথায় পতন কিছুটা কমে ছয় পয়েন্টে নেমে এলেও পরবর্তী সময়ে আবারও সূচকের পতন বাড়তে থাকে।দিন শেষে ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক কমেছে ২২ দশমিক ৬৪ পয়েন্ট; দিন শেষে এ সূচকের অবস্থান ১ হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্ট।রোববার ডিএসইতে মোট ৫৪৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭২০ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ১৭৫ কোটি ৬৫ লাখ টাকা।এদিন ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৭১৬ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার এ মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৯৮ হাজার ৪৮৭ কোটি ৭৮ লাখ টাকা।দিনটিতে ডিএসইতে ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২০টির দর বেড়েছে, ৩৪৮টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।লেনদেনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এরপর মালেক স্পিনিংয়ের ২০ কোটি ২০ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ কোটি ৩২ লাখ, সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি ৯৪ লাখ, সায়হাম কটনের ১৫ কোটি ২৪ লাখ, বেক্সিমকো ফার্মার ১৪ কোটি ৯৯ লাখ এবং ডমিনেজ স্টিলের ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।দরপতনের তালিকায় শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কস। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৬০ শতাংশ। বিপরীতে দর বৃদ্ধির শীর্ষে থাকা এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।