হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯৪
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২১ সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে।রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জনে।একই সময়ে আরও ১ হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছরে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন ভর্তি হয়েছেন।