দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৫ সময়
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (চন্দন কুমার ধর) দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলাগুলো করা হয়েছিল। এসব মামলায় জারি করা রুল মঞ্জুর করে হাইকোর্ট তাকে জামিন দেন।তবে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা থাকায় এ জামিনের ফলে তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় চিন্ময়সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।পরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে তার অনুসারীদের হট্টগোলের জেরে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা হয়।