রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় শ্রমিক দলের কর্মী মো. রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই মামলায় পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।রোববার যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক নজীব আহমেদ গত ১৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ৮ সেপ্টেম্বর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রাণিসম্পদ উপমন্ত্রী এ জে এম এনামুল হক, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে এক দফা আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবৈধ অস্ত্র নিয়ে গুলি চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল তালুকদার নিহত হন।রিয়াজুল হত্যার ঘটনায় ওই বছরের ১২ সেপ্টেম্বর তাঁর ভাই রুবেল তালুকদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ২২ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে তদন্ত সংস্থা।