হাসানের দুর্দান্ত বোলিংয়ে উস্টারশায়ারকে হারাল কেন্ট
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪ সময়
কাউন্টি ক্রিকেটে অভিষেকেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তাঁর বোলিং নৈপুণ্যে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১১৯ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার।৩৮০ রানের লক্ষ্য তাড়ায় উস্টারশায়ার একসময় ৫ উইকেটে ২৬৫ রান তুলে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। তবে এরপর মাত্র ৩০ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দলের পক্ষে ব্রেট ডি’অলিভেইরা ১০৩ রানে অপরাজিত থাকলেও উস্টারশায়ারকে জয়ের বন্দরে নিতে পারেননি।প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট শিকার করেন হাসান। হেনরি কুলেনকে ৪৫ রানে ফিরিয়ে গুরুত্বপূর্ণ একটি জুটি ভাঙেন তিনি। এরপর নতুন বল হাতে বেন আলিসনকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান বাংলাদেশের এই পেসার।হাসানের পাশাপাশি কেন্টের হয়ে ম্যাট মিলনেস তিনটি এবং কিথ ডাজিয়ন চারটি উইকেট নেন। তাঁদের বোলিংয়ে উস্টারশায়ারের ইনিংস গুটিয়ে যায়।এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেল কেন্ট।