সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যা: রংপুরে আসামি গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৯ সময়
ঢাকার সাভারে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মিন্টুকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।শনিবার রাত ১০টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিন্টু ওই হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি পীরগাছা থানার সুল্লিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই নিহত মোনারুল ইসলামের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক ‘মিম’ নামের এক কিশোরীর সঙ্গে নিখোঁজ হন। এ ঘটনায় কিশোরীর বাবা পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ কিশোরীর অবস্থান ঢাকার সাভারে শনাক্ত করে।এজাহারে অভিযোগ করা হয়, গত ৬ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটের দিকে আসামিরা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সাভারের বিপিএসটি এলাকায় মোনারুলের বাসায় যান। সিকিউরিটি গার্ডকে স্বজন পরিচয় দিয়ে তারা ফ্ল্যাটে প্রবেশ করে কিশোরীকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে কিশোরীর বাবা ও চাচা মোনারুলকে জোরপূর্বক পাঁচতলার ছাদে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।সেখানে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে মোনারুলকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৭১। র্যাবের ভাষ্য, মামলা হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে ছিলেন।ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১৩-এর সিপিএসসির একটি আভিযানিক দল পীরগাছায় অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করে।র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার মিন্টুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।