চলতি বছরে এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দিক থেকে আগস্ট সিলেট বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ। এ মাসে বিভাগের চার জেলায় ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। এর আগে মে মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়।রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, আগস্টে সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এ জেলায় ১৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আর মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। এ কারণে আগস্টে বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দিক থেকে সিলেট জেলা শীর্ষে রয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্টে নিহতদের মধ্যে ১০টি দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী এবং সাতটি দুর্ঘটনায় ৯ জন সিএনজি ও টমটমের চালক ও আরোহী রয়েছেন। এ ছাড়া ১২টি দুর্ঘটনায় ১২ জন চালক এবং সাতটি দুর্ঘটনায় সাতজন পথচারী নিহত হয়েছেন।দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে নিসচা জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার সাতটি ঘটনায় পাঁচজন, মুখোমুখি সংঘর্ষের ১২টি ঘটনায় ২৭ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কার একটি ঘটনায় একজন নিহত হয়েছেন।আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু।নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য, অনুমেয় অনুজ্জ্বল বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন। সে হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে দুর্ঘটনা ও প্রাণহানি—দুটিই বেড়েছে।